
মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী কি না, তা যাচাই করছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মোল্লাচর এলাকার নদীতীর থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে আটক করা হয়।
পরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে অন্যদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ দিকে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে মুন্সিগঞ্জ সদর থানার সামনে ভিড় করেন তাদের অভিভাবক ও স্বজনরা। তাদের দাবি, কিশোররা ঘুরতে গিয়ে পরিস্থিতির শিকার হয়েছে। এ সময় থানার প্রধান ফটকের সামনে স্বজনদের কান্না ও আহাজারি করতে দেখা যায়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচির ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একই ধরনের কর্মসূচি হতে পারে—এমন তথ্য পুলিশের কাছে ছিল।
ওসি বলেন, ওই তথ্যের ভিত্তিতে নদীতে অবস্থান করা নৌযান থেকে বিকেলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার খবর পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৩৭ জনকে আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]