
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। তারা ক্ষমতায় থেকেও আগুন সন্ত্রাস করে অন্যের ওপর দোষারোপ করত, এখনও তাই করছে। তাদের আগুন সন্ত্রাসের এ খেলা জনগণই রুখে দেবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, ১৭ বছর আগুন সন্ত্রাসের কারণে জনগণ তাদের বিতারিত করেছে। তারা আবারও দু'একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আগুন সন্ত্রাসের চেষ্টা করছে। দেশের জনগণ সচেতন রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সেই আগুন সন্ত্রাসকে রুখে দেওয়া হবে।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেখানে শিক্ষার গুণগত মান ছিল না, ছিল জাতিকে মেধাশুন্য করার অপচেষ্টা। এবার প্রশ্নপত্র ভালো থাকায় এ প্লাস কম থাকলেও মেধার বিকাশ ঘটেছে। এ দেশে আগামীতে খেলাধুলাসহ শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটবে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফেরাতে কাজ করছে।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলা, টুর্নামেন্টের আহ্বায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশা।
বিবার্তা/হাসানুজ্জামান /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]