
আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা, প্রতিপাদ্যে রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর, শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)-এর যৌথ উদ্যোগে ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সনাকের সভাপতি প্রফেসর দীপকেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস)-এর নির্বাহী পরিচালক হাসিবা খাতুন জাহেদা, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য ও স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন এবং অ্যাকশনএইড বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংলাপে স্থানীয় জ্বালানি বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আলোচনা করা হয়। এতে স্থানীয় এলাকার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা,নাগরিক দাবিনামা উপস্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক জনগণকেন্দ্রিক সমাধানের সুযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নানা সমস্যা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, রাজশাহী অঞ্চলের নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। ইতোমধ্যে রাজশাহীর পবা-মোহনপুর এলাকায় নতুন করে পৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসারে আমার এলাকায় বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আলোচকরা বলেন, শহরের সরকারি-বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি এবং জনবান্ধব জ্বালানি পরিকল্পনা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর সম্ভাবনা তৈরি করতে পারে। একই সঙ্গে রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্রসার এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাকশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]