
রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগরে বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) শহীদনগর ৪নং গলি বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন কর্ণেল মাহাবুব সোহেলের নির্মনাধীন বাড়ির সামনের সরু গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে পথচারীরা রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খরব পেয়ে লালবাগ থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠায়।
নিহতের বুকের বাম পাশে, বাম পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত ও কোপানোর জখম রয়েছে।
আরও জানা গেছে, নিহত যুবক মো. বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব নামে এলাকায় পরিচিত ছিলেন। তিনি পেশায় একটি মাছের দোকানের কর্মচারী। তার বাবার নাম নজরুল ইসলাম। লালবাগ শহীদ নগর ৬নং গলিতে ভাড়া বাসায় তার খালার সঙ্গে থাকতেন।
লালবাগ থানার এসআই আব্দুস সেলিম মিয়া জানান, তারা সংবাদ পেয়ে সেখানে যান এবং দুইটার দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপানোর আঘাত রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তারা এখনো জানতে পারেননি।
স্থানীয়দের ভাষ্য, নিহত ফর্মা বিপ্লব পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]