পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০
পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় ।


এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।


দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো কার্যকর হবে।


গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হয় রাত দেড়টার দিকে। বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে এই মজুরি চূড়ান্ত হয়। রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।


বাবুল আখতার আরও বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।


কোন গ্রেডে কত মজুরি


জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।


মজুরি বোর্ডের সভার দিন গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ের সামনে ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com