
বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করলেও বিদ্যমান আইন এ ধরনের বিয়েকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে না। ফলে বাল্যবিয়ের শিকার মেয়েদের আইনি প্রতিকার ও সুরক্ষা নিশ্চিত করতে আইনটির গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।
এ সংস্কারের প্রয়োজনীয়তা, কিশোরীদের অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছে ইউএনএফপিএ।
আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো পালিত হতে যাওয়া ‘বাল্য, আগাম ও জোরপূর্বক বিবাহ বিলোপ আন্তর্জাতিক দিবস’ সামনে রেখে নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং এর ২০১৮ সালের বিধিমালার সীমাবদ্ধতা, প্রস্তাবিত সংস্কার ও মেয়েদের সুরক্ষায় এসব পরিবর্তনের তাৎপর্য তুলে ধরা হয়।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, দেশে বাল্যবিবাহবিরোধী আইন থাকলেই মেয়েদের সুরক্ষা নিশ্চিত হয় না। এ জন্য আইন সম্পর্কে তাদের সচেতনতা এবং সহজলভ্য ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন এবং বাল্যবিয়ের শিকার মেয়েদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তথ্যনির্ভর প্রতিবেদন আইন সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবনে নীতিনির্ধারকদের সহায়তা করবে। একই সঙ্গে মেয়েদের শিক্ষা সম্পন্ন করা, শিশু বয়সে মাতৃত্ব এড়ানো এবং নিজেদের পছন্দমতো ভবিষ্যৎ গড়ার গুরুত্ব তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশে বাল্যবিবাহের প্রবণতা ও সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে ইউএনএফপিএ বাংলাদেশের কৈশোর ও যুব ইউনিটের প্রধান ইলিজা আজিয়েই জানান, বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার ২০১৯ সালের ৫১ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৪৭ দশমিক ২ শতাংশ হয়েছে। তবে উদ্বেগের বিষয়, একই সময়ে বর্তমানে বিবাহিত ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীর হার ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। অর্থাৎ, ১৮ বছরের আগে বিয়ের সামগ্রিক হার কমলেও কিশোরীদের মধ্যে বর্তমানে বিবাহিতের অনুপাত বেড়েছে।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বর্তমান বিধান, সীমাবদ্ধতা ও সংস্কারের সুপারিশ তুলে ধরেন ইউএনএফপিএ বাংলাদেশের কৈশোর ও যুববিষয়ক কারিগরি কর্মকর্তা জাওয়াদ হাসিব। তিনি জানান, ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনায় বলা হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করলেও সংশ্লিষ্ট বিয়েকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে না। আইনে নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং পুরুষের ২১ বছর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ১৯ ধারায় ‘বিশেষ পরিস্থিতিতে’ আদালতের আদেশে নির্ধারিত বয়সের আগেই বিয়ের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ ও পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকাকে আইনি পর্যালোচনায় বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও বলা হয়েছে, বাল্যবিবাহের শিকার মেয়েদের নিজেদের বিয়ে বাতিলের জন্য আইনের আওতায় সরাসরি কোনো ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়, যেখানে অনেক সময় কার্যকর আইনি প্রতিকার সীমিত বা অনুপস্থিত। জন্ম ও বিয়ে নিবন্ধনের দুর্বলতা, জন্মসনদ জালিয়াতি, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ-সংক্রান্ত অপরাধের সীমিত বিচারিক কার্যক্রমও আইন বাস্তবায়নের পথে বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।
আইন সংস্কারে যৌথ পর্যালোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ ধারা বাতিল, নারী ও পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহের শিকার শিশুর আবেদনে বিয়ে বাতিলযোগ্য করার বিধান রাখা। পাশাপাশি বাল্যবিবাহে জড়িত শিশুদের অপরাধমূলক দায় থেকে অব্যাহতি, অভিযোগ দায়েরের সময়সীমা ছয় বছর করা এবং এ-সংক্রান্ত মামলায় আদালত ও ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করার সুপারিশ করা হয়েছে।
ইউএনএফপিএ জানিয়েছে, আইন সংস্কারের পাশাপাশি মেয়েদের বিদ্যালয়ে ধরে রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক তথ্য ও সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং বাল্যবিবাহকে টিকিয়ে রাখে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি। এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউএনএফপিএ।
সংলাপের মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা বাল্যবিবাহ বিষয়ে তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা জোরদার এবং এ প্রথা কমাতে সম্মিলিত জাতীয় উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। একইসঙ্গে এ বিষয়ে সুনির্দিষ্ট গবেষণার উপর জোর দেন তারা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমেদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সদস্য সচিব ও আরটিভির হেড অব নিউজ সাংবাদিক ইলিয়াস হোসেন, এটিএন বাংলার পরিচালক (বার্তা) হাসান আহমেদ চৌধুরী কিরণসহ আরও অনেকে। সমাপনী বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের যোগাযোগ প্রধান গুলালেক সোলতানোভা।
বিবার্তা/এএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]