
দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছে সরকার। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে আজ মঙ্গলবার ঢাকায় বিভিন্ন দেশের প্রায় ৬০টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে এই সমর্থন চাওয়ার কথা সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী। এসময় রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা প্রসঙ্গে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, তাঁর দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়। ফিরতে হলে তাঁকে বন্দি হিসেবেই, হাতকড়া পরে ফিরতে হবে।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, অর্থ খরচ করে পরামর্শক নিয়োগ কিংবা বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ করানো সম্ভব। কেউ শয়নকক্ষে বসে দেশে ফেরার স্বপ্নও দেখতে পারেন। তবে শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন; তাঁকে প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে হবে।
হুমায়ুন কবির জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা ও জনআস্থা ফিরিয়ে আনা, আইনের শাসন নিশ্চিত করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়েছে নতুন সরকার। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত সমর্থন ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সরকারি হিসাব তুলে ধরে তিনি জানান, ১ থেকে ২১ নভেম্বর দেশের ৪১টি প্রশাসনিক ইউনিটে ১৫৮টি নাশকতার ঘটনা ঘটেছে। এ ছাড়া ৭ থেকে ১৯ নভেম্বর ৮৩টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা এবং চারটি পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় ৩৯টি মামলায় ৬৬ জনকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির অভিযোগ করেন, পোশাকশিল্পে পরিকল্পিত শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতি ও শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে হামলা চালাচ্ছেন। হামলাকারীরা পালানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে দাবি করে তিনি বলেন, ‘এটা তো আর রকেট সায়েন্স না, সবাই জানে। তারা মানুষকে ভয় দেখাতে চেয়েছে, কিন্তু উল্টো তারাই এখন ভীত। কোনোভাবেই সন্ত্রাসবাদ সহ্য করা যায় না।’
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘাত, অস্থিতিশীলতা, সন্ত্রাস ও অর্থপাচারে উসকানি দিচ্ছেন বলে দাবি করেন তিনি। এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, জনসম্পত্তি ধ্বংস কিংবা অস্ত্র লুটের অজুহাত হতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারত্ব, দৃঢ়তা ও পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবাধিকার মেনে জবাবদিহি নিশ্চিত করা হবে। কোনো প্রতিশোধমূলক সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না।
বিবার্তািএএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]