
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণে ২০৩২ সাল পর্যন্ত কানাডার বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা পাবে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ-কানাডা ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শক সভায় ঢাকাকে এ তথ্য জানিয়েছে অটোয়া।
ঢাকায় অনুষ্ঠিত এ সভায় বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যুতে অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ বিষয়ে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার পক্ষে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ নেতৃত্ব দেন।
সভায় ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়ানোয় সন্তোষ প্রকাশ করা হয়। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এলডিসি উত্তরণে কাঠামোগত সংস্কার, জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব দেয় উভয় পক্ষ।
দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের প্রসঙ্গ তুলে কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে দেশটি। গত অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের ঢাকা সফরে অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের বিকাশ, বাণিজ্য সক্ষমতা ও কৃষি উদ্ভাবনে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের নতুন সহায়তা ঘোষণা করা হয়। এ ছাড়া দক্ষতা উন্নয়ন, জ্ঞান বিনিময় ও শিক্ষা অংশীদারত্ব সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও স্থান পায়। ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে কানাডা জানায়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে তারা। রোহিঙ্গা ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকেও স্বাগত জানায় তারা। বৈঠক শেষে অর্থনৈতিক, উন্নয়নমূলক, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানায় বাংলাদেশ ও কানাডা।
বিবার্তা/এএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]