
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রয়োজন আইনের কার্যকর প্রয়োগ, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা এবং সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সংলাপের আয়োজন করা হয়।
জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনজীবনে যুক্ত নারীরা হুমকি ও সহিংসতার মুখে পড়ছেন। তাঁদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা আইন প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি অনলাইন ও অফলাইন সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বদলে ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের ওপর গুরুত্ব দেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা সংবিধানে সমতার স্বীকৃতি থাকলেও বাস্তবে তার ঘাটতির কথা তুলে ধরেন। তিনি পুলিশকে প্রশিক্ষণ, আলামত সংরক্ষণ ও ফরেনসিক সক্ষমতা বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতের ওপর জোর দেন।
সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফেলিক্স হেলগেসন প্রত্যন্ত ও সেবাবঞ্চিত এলাকায় চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের সুযোগ বাড়ানোর কথা বলেন। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগে সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পিতৃতান্ত্রিক মানসিকতার পরিবর্তন এবং শৈশব থেকেই সমতা ও মর্যাদার শিক্ষা নিশ্চিত করতে হবে। নারীদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও বঞ্চনা বুঝতে তথ্য-উপাত্তের বিভাজিত বিশ্লেষণের ওপরও গুরুত্ব দেন তিনি। নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের বলেও উল্লেখ করেন।
মূল প্রবন্ধে এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ ও ভয়ভীতির কারণে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। অভিযোগের গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য সহজলভ্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
ড. তাসনিম জারা বলেন, সহিংসতার শিকার নারীরা অনেক ক্ষেত্রে দ্বিতীয় দফায় হয়রানির মুখে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারগুলোর সেবা পর্যালোচনা ও উন্নয়ন, প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং নিয়মিত ফলোআপ নিশ্চিত করা জরুরি।
এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ, এফসিএ পরিবার থেকেই সম্মান, সহমর্মিতা ও সমতার চর্চা গড়ে তোলার আহ্বান জানান।
বিবার্তা/এএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]