
নগর পরিবহন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ব্যাটারিচালিত রিকশা সড়ক নিরাপত্তা, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে। এসব সমস্যা সমাধানে হঠাৎ নিষেধাজ্ঞার বদলে চালক, মালিক ও সংশ্লিষ্টদের জীবিকা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে ন্যায্য রূপান্তরের তাগিদ দিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় এ তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণা “আন্ডারস্ট্যান্ডিং দ্য পলিটিক্যাল ইকোলজি অব ব্যাটারি রিকশাস ইন বাংলাদেশ”-এর ফলাফল তুলে ধরা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা পরস্পর সম্পর্কিত। একটি সমস্যার সমাধান করতে গিয়ে অন্যগুলো উপেক্ষা করলে টেকসই ফল আসবে না। নগরবাসীর মতো রিকশাচালকদেরও কাজ ও জীবিকার অধিকার রয়েছে। ঢাকার ধারণক্ষমতা ও জনসংখ্যার চাপ বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রিকশাচালকদের জীবিকার অধিকার অস্বীকার না করে খাতটিকে নিয়মের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য সহায়তার সুযোগ তৈরি হবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, অনানুষ্ঠানিক খাতের কর্মীদের কথা নীতিনির্ধারণী পর্যায়ে যথেষ্ট গুরুত্ব পায় না। আইনি স্বীকৃতি ও সুরক্ষা না থাকায় রিকশাচালকদের জরিমানা, হয়রানি ও অনানুষ্ঠানিক অর্থ আদায়ের শিকার হতে হয়। এসব অর্থ কার্যত তাঁদের ওপর ‘অদৃশ্য করের’ বোঝা তৈরি করছে। তিনি চালক ও তাঁদের পরিবারের জীবিকা সুরক্ষায় তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
গবেষণায় ঢাকা ও বরিশালের ৪৫০ জন চালকের ওপর ১১ জুন থেকে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত পরিচালিত জরিপে দেখা যায়, ৯৫ দশমিক ৬ শতাংশের লাইসেন্স বা পারমিট নেই। দুই-তৃতীয়াংশ চালক জরিমানা বা হয়রানির মুখে পড়েছেন। ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান; আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশই ব্যয় হয় ভাড়ায়। আয় বন্ধ হলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবার চালাতে পারবেন না। জরিপের আগের মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, দুর্ঘটনা বা হয়রানির মতো একটি ঘটনাই ঝুঁকিপূর্ণ জীবিকার ওপর নির্ভরশীল চালকদের আবার দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। তাই যেকোনো রূপান্তর প্রক্রিয়ায় তাঁদের নাগরিক অধিকার ও জীবিকার বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।
গবেষণায় রিকশা ভাড়া, চার্জ, ব্যাটারি বদল, মেরামত ও আর্থিক সহায়তায় গ্যারেজের ভূমিকা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার, সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনা এবং ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে বলে উল্লেখ করা হয়।
খাতটিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনতে বাস্তবসম্মত ধাপে ধাপে পরিকল্পনা, ন্যূনতম যানবাহন নিরাপত্তামান, নির্ধারিত চলাচল এলাকা ও স্পষ্ট সড়ক ব্যবহারের নিয়ম প্রণয়নের সুপারিশ করেছে গবেষণাটি। পাশাপাশি লাইসেন্স, বিমা, ব্যাটারি উন্নয়ন ও চার্জিংয়ের খরচ চালকদের সাধ্যের মধ্যে রাখা এবং বিদ্যমান গ্যারেজগুলোকে নিয়ন্ত্রিত ব্যবস্থায় যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে সরকার ২০২৬ সালের বিধিমালা ২৯ অক্টোবর গেজেট আকারে জারি করে। গবেষণায় বলা হয়েছে, এখন মূল চ্যালেঞ্জ হবে বিধিমালার কার্যকর ও ন্যায্য বাস্তবায়ন।
বিবার্তা/এএম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]