
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি সাশ্রয় হবে, পাশাপাশি উৎপাদিত জৈব সার কৃষিকাজে ব্যবহার করা যাবে। আর স্বল্প সুদে যুব ঋণ কাজে লাগিয়ে খামার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
এ লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও উদ্যোক্তা-খামারিদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে,দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের,ইমপ্যাক্ট তৃতীয় পর্যায়, প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট ১০ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের লক্ষ্যে এ ঋণ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস ইঞ্জিনিয়ার মো. মাহাফুজুর ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন,সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক,যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ,নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]