
নিজের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য নিজেদেরই পাহারা বসাতে হবে। পুলিশের ওপর ভরসা করে বসে থাকলে হবে না ।বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মৌলভীবাজারে ১৮৪তম রাস উৎসবের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের জোড়ামণ্ডপে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের এখানে সবকিছু ভালো আছে। আমাদের এখানে কোনো অশান্তি নেই। জনগণ ভালো করে বুঝে কারা এ সম্প্রীতি অস্থিতিশীল করতে চায়। আমরা কোনো সন্ত্রাসের পক্ষে নেই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে হতে দেবো না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের যতটুকু সহযোগিতা করা দরকার তা করবে। এর জন্য জনগণকে সচেতন হতে হবে। শুধু পুলিশের ওপর বা জেলা প্রশাসনের ওপর (দায়িত্ব) দিলে হবে না। নিজের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিজেদেরই পাহারা বসাতে হবে। পুলিশের ওপর ভরসা করে বসে থাকলে হবে না। এলাকার সবাইকে নিয়ে অন্যায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ, আমরা সে ধরনের একটা ব্যবস্থা করে রাখবো।’
মণিপুরী সংস্কৃতি নিয়ে তিনি বলেন, ‘মণিপুরী সম্প্রদায়ের সংস্কৃতি সিলেটের সংস্কৃতির একটি অংশ। আমাদের এখানে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি রয়েছে।’
তিনি অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘রাষ্ট্রীয় সংস্কৃতিতে যেন মণিপুরী সম্প্রদায়কে সম্পৃক্ত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন রাষ্ট্রীয় অতিথিদের সামনে মণিপুরীদের সংস্কৃতি তুলে ধরতেন। বিজয় দিবসে মণিপুরী নৃত্য পরিবেশন করা হয় জাতীয় স্টেডিয়ামে। তাদের কালচারাল প্রোগ্রামগুলো রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ করে দেওয়া হলে আমি মনে করি আমাদের এই সম্প্রীতি আরও সমৃদ্ধশালী হবে।’
মন্ত্রী জানান, সিলেটকে পর্যটন নগরী বলা হলেও এর প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি এখনো সরকারি খাতায় ওঠেনি। এখানে না আছে ভালে রাস্তাঘাট, না আছে দর্শনার্থীদের সুন্দরভাবে ঘুরে যাওয়ার ব্যবস্থা। পর্যটনের উন্নয়নে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব ধাপে ধাপে সরকারের কাছে জানানোর দাবি জানান তিনি।
মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, ‘মণিপুরী নৃত্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পরিবেশন করা হবে। শুধু ১৬ ডিসেম্বর না, সব সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের নেওয়া হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, তখন প্রধানমন্ত্রী মণিপুরী নৃত্য পরিবেশনের জন্য বলেছেন। এখানে এসে রাখাল নৃত্য পরিবেশন দেখে অভিভূত হয়েছি।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]