সৌদিতে ড্রোন হামলা, হরমুজে জাহাজে আক্রমণ চালাল ইরান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩
সৌদিতে ড্রোন হামলা, হরমুজে জাহাজে আক্রমণ চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সৌদি আরবে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অন্যদিকে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, নির্ধারিত নৌপথ অমান্য করে চলার সময় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং সামুদ্রিক মাইনের আঘাতেও সেটি ক্ষতিগ্রস্ত হয়।


বার্তাসংস্থা আনাদোলু বলছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে ‘নিয়ম লঙ্ঘনকারী’ একটি জাহাজে হামলা করা হয়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে।


ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে এবং হরমুজ প্রণালির দক্ষিণে একটি অবৈধ নৌপথ দিয়ে যাচ্ছিল। এ সময় সামুদ্রিক মাইনের সঙ্গে সংঘর্ষে জাহাজটি থেমে যায়।


জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের উদ্দেশে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলা, অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তার প্রতি গুরুত্ব দেয়া জরুরি।


যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে তেহরানের দাবি অনুযায়ী অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে একাধিক তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।


হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।


এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২৫ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোন দুটি প্রতিহত করার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।


হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। একই সঙ্গে এর কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com