
রোমাঞ্চ, উত্তেজনা আর নখ কামড়ানো মুহূর্ত…ফাইনালের পাতে যা যা উপকরণ থাকা দরকার, তার সবই ছিল ঢাকার মাঠে। সাফের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। রাজনৈতিক টানাপোড়েনে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক যখন সুতোর ওপর ঝুলছে, তখন মাঠের লড়াইয়েও উত্তাপ ছড়াবে, সেটাই স্বাভাবিক। দুই দল যখনই মুখোমুখি হয়, রোমাঞ্চের পারদ ছুঁয়ে যায় আকাশ।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেউ কাউকে একচুল ছাড় দিতে নারাজ। মর্যাদার প্রশ্নে আপসের সুযোগ নেই। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল সেই চিরচেনা দ্বৈরথ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন ভারতের পক্ষে ২-১। তাতেই আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট উঠল ভারতের মাথায়।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত ঘরে তুলল দশম শিরোপা। শুধু তা-ই নয়, প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপাও জিতল তারা। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা পাকিস্তানের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে ভারত। তবে এত আধিপত্যের পরও টানা তিন আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। মঙ্গলবার ঢাকার মাঠে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করলো তারা। অন্যদিকে এবারই প্রথম ফাইনালে উঠেছিল পাকিস্তান। সেমিফাইনালে হট ফেভারিট বাংলাদেশকেই হারিয়ে পাকিস্তান। কিন্তু শিরোপার লড়াইয়ে ভারতের কাছে পেরে ওঠেনি তারা।
গ্রুপ পর্বে গত ৫ নভেম্বর মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ৩-২ গোলে জিতেছিল ভারত। তবে ফাইনালে পাকিস্তানকে দেখা গেল ভিন্ন রূপে। শুরু থেকেই গতিময় ফুটবল আর দুই প্রান্ত দিয়ে আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও ভারতের গোলরক্ষক অর্শ শেখের দৃঢ়তায় পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
১৮ মিনিটে ম্যাককিল আবদুল্লাহর দারুণ এক অ্যাক্রোবেটিক প্রচেষ্টা কাছ থেকে ফিরিয়ে দেন অর্শ। পরে ভারতের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গোলে বল ঢোকার আগেই ক্লিয়ারেন্সে বেঁচে যায় দলটি।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর রক্ষা হয়নি ভারতের। জুনায়েদ শাহর নিচু ক্রস ভারতীয় এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় আলমগীর গাজীর কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় দূরের পোস্টে শট নেন তিনি। তাতেই এগিয়ে যায় পাকিস্তান। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাকার্টন নিকসনকে মাঠে নামান ভারতীয় কোচ। তাতে আক্রমণে গতি বাড়ে দলটির। ৫১ মিনিটে বিষ্ণুর শট গোলরক্ষকের গায়ে লেগে পোস্টে আঘাত করলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় ভারতের।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৫৯ মিনিটে। ব্রাইসন ফার্নান্দেজকে স্ট্যাম্প করে সরাসরি লাল কার্ড দেখেন পাকিস্তানের জুনায়েদ শাহ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।
সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে সময় নেয়নি ভারত। পরের মিনিটেই ডান প্রান্ত থেকে লুংডিমের ক্রস থেকে বল পেয়ে যান নিকসন। তার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ফিরতি বল পেয়ে জালে পাঠান সুহাইল ভাট। তাতেই ১-১ সমতায় ফেরে ভারত।
এরপর একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণে চাপ বাড়াতে থাকে ভারত। বিষ্ণুর আরেকটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে ভারতের কাঙ্ক্ষিত মুহূর্ত। ৮৮ মিনিটে আবদুল রাবিহের নেওয়া কর্নার থেকে লাফিয়ে উঠে হেড করেন সন্দীপ মান্ডি। বল মাটিতে একবার বাউন্স করে জড়িয়ে যায় জালের ওপরের ডান কোণে। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
গোল করেই জার্সি খুলে উল্লাসে মাতেন মান্ডি। অন্যদিকে শেষ পাঁচ মিনিটে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
পাকিস্তানের জন্য হারটি ছিল ভীষণ হৃদয়বিদারক। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহজাদের গোলে জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ইতিহাস গড়ার এত কাছে এসেও শেষ পর্যন্ত শিরোপা ছুঁতে পারল না দলটি।
ঢাকায় দশম শিরোপা জিতে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল। নিজেদের সেরা দল না নিয়ে এসেও ভারত যেভাবে শিরোপা জিতল তা সত্যিই প্রশংসার দাবিদার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]