
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দল। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। তাঁকে বিওপিতে নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]