
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন সময়ে মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা পূরণ হয়েছে বলে জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে রামিসা হত্যার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত মে মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে মানুষের হৃদয়কে ক্ষত করেছিল আট বছর বয়সী শিশু রামিসার হত্যাকাণ্ড। এ ঘটনায় তার প্রতিবেশী সোহেল ও তার স্ত্রীকে ঘটনার পরপরই, এমনকি মামলা হওয়ার আগেই ১৯ মে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ২০ মে মামলা হয়।
আইনমন্ত্রী বলেন, ঘটনাটি গোটা জাতিকে নাড়া দিয়েছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাসায় গিয়ে তার মা-বাবার পাশে দাঁড়িয়েছিলেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। বিগত বছরগুলোতে দেশে খুন, ধর্ষণ ও গুমের বিচার না হওয়ায় রামিসার বাবা মামলা করা এবং বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে আশ্বস্ত করা হয়েছিল, এ ধরনের ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, এই হত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচারিক ইতিহাসে সর্বনিম্ন সময়ের মধ্যে আপিল মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা পূরণ করা সম্ভব হয়েছে।
এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ ও অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট সবাই এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]