
ব্যাটিং ব্যর্থতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়েছে টাইগ্রেসরা। কোচিং প্যানেলে পরিবর্তন আনার পরও ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতির দেখা মেলেনি।
আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেও সেই পুরোনো সমস্যায় ভুগেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
স্বল্প পুঁজি তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করার পর জাওয়াল জুলফিকারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সোবহানা মোস্তারি। ৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
অন্য ওপেনার সাদাফ শামস ৩৭ বলে ৩৭ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে এই দুই উইকেটই ছিল একমাত্র সাফল্য। এরপর আর কোনো বিপদ হতে দেননি মুনিবা আলি ও আয়েশা জাফর। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। আয়েশা ৩১ এবং মুনিবা ২৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ব্যাটারদের বিদায়ে বড় সংগ্রহ গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। দলের হয়ে কিছুটা লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার। ২০ বলে ২৭ রান করেন জ্যোতি, আর স্বর্ণার সংগ্রহ ২১ রান।
বাংলাদেশের বাকি ব্যাটারদের মধ্যে সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১০৮ রানের বেশি সংগ্রহ করা সম্ভব হয়নি টাইগ্রেসদের। ব্যাটিংয়ের এই ব্যর্থতার খেসারত দিয়েই টুর্নামেন্টে হার দিয়ে যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে।
বিবার্তা/এমেবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]