
সাফ চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের বাংলাদেশ। প্রথমার্ধে প্রতিপক্ষের জাল খুঁজে না পাওয়া লাল-সবুজের প্রতিনিধি দলের বদলি হিসেবে মাঠে নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের ৬৯ মিনিটে ইব্রাহিমের করা একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো জামাল ভূঁইয়াদের।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। বিশেষ করে দুই উইং ব্যবহার করে একের পর এক ক্রস থেকে আক্রমণ তৈরির চেষ্টা করেছে দলটি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়। ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে সেটিও আটকে যায় ভুটানের রক্ষণে।
১৮ মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। রাকিবের ক্রস থেকে দূরের পোস্টে হেড করেছিলেন বিশ্বনাথ। কিন্তু তার হেড চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
এরপর ২৫ মিনিটে প্রায় ফাঁকা অবস্থায় বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি বিশ্বনাথ। তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩৯ মিনিটেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল বাংলাদেশের। বিরতিতে যাওয়ার সময় বল দখলে বাংলাদেশের পরিসংখ্যান ছিল ৬৪ শতাংশ, বিপরীতে ভুটানের ৩৬ শতাংশ। প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ শট নেয় ১২টি, ভুটান চারটি। লক্ষ্যে শট অবশ্য দুই দলেরই ছিল দুটি করে।
অন্যদিকে বাংলাদেশের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল ভুটান। ৪০ মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিতে সক্ষম হয় তারা। তবে মেহেদী হাসান সহজেই বলটি ধরে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহামিদুল ইসলামকে মাঠে নামান বাংলাদেশের কোচ টমাস ডুলি। ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নেন তিনি। তবে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে গোলের জন্য ক্রসনির্ভর আক্রমণ চালিয়েও সফল হচ্ছিল না বাংলাদেশ। ভুটানের রক্ষণভাগও ছিল বেশ দৃঢ়।
অবশেষে ৬৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। জামাল ভূঁইয়া ও বিশ্বনাথকে তুলে নিয়ে মোহাম্মদ ইব্রাহিম এবং সোহেল রানা জুনিয়রকে মাঠে নামিয়েছিলেন কোচ। সেই বদলির সুফল পায় বাংলাদেশ দ্রুতই।
ক্রস থেকে ভুটানের বক্সে যাওয়া বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডের পর বল ওপরে উঠে গোলমুখের সামনে চলে আসে। সেখানেই সুযোগ বুঝে পা বাড়িয়ে বল জালে পাঠান বদলি খেলোয়াড় ইব্রাহিম। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
গোল পাওয়ার পর ব্যবধান বাড়ানোর পাশাপাশি লিড ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আরও দুটি পরিবর্তন আনেন কোচ। কাজেম শাহ ও জায়ান আহমেদের পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়া।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় আরও পাঁচ মিনিট। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত ইব্রাহিমের গুরুত্বপূর্ণ গোলে জয় নিশ্চিত করেছে লাল-সবুজের দল। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আরও এগিয়ে গেল বাংলাদেশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]