গার্মেন্টস শিল্প কোনো অবস্থায় ধ্বংস হতে দেব না: প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:১৪
গার্মেন্টস শিল্প কোনো অবস্থায় ধ্বংস হতে দেব না: প্রধানমন্ত্রী
রাজীব হোসেন রাজু, বাগেরহাট
প্রিন্ট অঅ-অ+

আগামী এক থেকে দুই মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে শ্রমিক ভাইবোনেরা ভালো থাকতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত গার্মেন্টস শিল্প সরকার কোনো অবস্থায় ধ্বংস হতে দেবে না। এই শিল্পে লাখ লাখ ভাইবোন ও মায়েরা কাজ করছেন, এই শিল্পে তাদের কর্মস্থান হয়েছে। তাই কোনো শ্রমজীবী মানুষ কিংবা শ্রমিক ভাইবোনেরা কখনো শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না, বিভিন্ন কলকারখানায় গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা করতে পারেন না।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, শ্রমিক ভাইবোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া রয়েছে, তা সরকার জানে। তাদের দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতোমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ড কাজও শুরু করেছে। ইনশাআল্লাহ আগামী এক থেকে দুই মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে শ্রমিক ভাইবোনেরা ভালো থাকতে পারেন।


প্রধানমন্ত্রী বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল। গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ওদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।


বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com