নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা: ‘সন্ত্রাসী’ ডেভিড সহ গ্রেফতার ৬
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:০২
নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা: ‘সন্ত্রাসী’ ডেভিড সহ গ্রেফতার ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর যৌথ অভিযান চালিয়ে ‘সন্ত্রাসী’ ডেভিড সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি-১১।


বুধবার (২৫ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।


পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদ। এ ছাড়া আদর ও আজাদ নামে দুজনকে এসআরবির পৃথক একটি দল গ্রেফতার করেছে।


অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ডেভিড পুলিশের গুলিতে আহত হন।


অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশি অভিযান এখনো চলছে।


অভিযান শেষ হলে গ্রেফতার ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশের ভাষ্য, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


এর আগে গত রবিবার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com