
দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে আকাশ। মেঘ-বৃষ্টির বলয় কেটে আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসের প্রভাব বাড়ছে। শীত ও ঠান্ডা থেকে বাঁচতে গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার পরপরই ঘরমুখী হয়ে পড়ছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জেলার একাধিক এলাকায় সন্ধ্যার আগেই কুয়াশা নেমে আসছে এবং সূর্যের আলোর তেজ কমে যাওয়ায় সাধারণ ও ছিন্নমূল মানুষের জীবনযাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশা-ভ্যানচালক এবং খোলা আকাশের নিচে থাকা অসহায় ব্যক্তিরা। শীত নিবারণের জন্য মানুষ ভিড় করছেন শীতবস্ত্রের দোকানগুলোতে, ফলে সোয়েটার, জ্যাকেট ও কম্বলের বিক্রি বেড়েছে।
ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে এবং দুর্ঘটনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
সদর উপজেলার রিকশাচালক নজরুল ইসলাম বলেন, ‘এমন ঠান্ডা আর শীত রিকশা চালানো যায় না। হাত-পা অবশ হয়ে যাচ্ছে বাতাস আর ঠান্ডায়।’
একই উপজেলার স্কুলশিক্ষক ইয়াকুব হক জানান, কয়েক দিন ধরে দিন-রাত প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলে হাত-পায়ে ঠান্ডা লেগে মোটরসাইকেল চালাতে কষ্ট হয়, তাই তিনি এখন আর মোটরসাইকেল চালাচ্ছেন না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে এবং হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী মাসের শুরুতেই তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]