
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, দলীয় অবস্থানেও থাকতে পারে নানা পার্থক্য। তবে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ও মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু দেশের স্বার্থে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিশেষ করে সিলেটের উন্নয়ন, আঞ্চলিক স্বার্থ সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট নগরীর হোটেল লা ভিস্তায় দৈনিক সিলেটের সংবাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সিলেটের সম্ভাবনা ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক সংগঠন ও গণমাধ্যমকেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে।
দৈনিক সিলেটের সংবাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির অগ্রযাত্রা কামনা করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা এবং মানুষের প্রত্যাশা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি জানান সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
বিবার্তা/জাহিদুুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]