শ্রমিক অসন্তোষ
নারায়ণগঞ্জে আজও বিক্ষোভ-সড়ক অবরোধ, ৩ কারখানায় ছুটি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
নারায়ণগঞ্জে আজও বিক্ষোভ-সড়ক অবরোধ, ৩ কারখানায় ছুটি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের পরও নারায়ণগঞ্জের ফতুল্লায় থামছে না শ্রমিক অসন্তোষ। এবার শ্রমিকদের গ্রেড উন্নয়ন, ছুটির টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি সামাল দিতে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এসব ঘটনা ঘটে। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় এদিন পরিস্থিতি স্বাভাবিক ছিল।


শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষের জেরে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কাজ করলেও তাদের পদমর্যাদা ও বেতন কাঠামোর যথাযথ পরিবর্তন হচ্ছে না। সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামেন।


নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে তাদের দাবি-দাওয়া জানান। তাদের মূল দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


এদিকে ফতুল্লার বাইরেও শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা। সার্ভিস বেনিফিটের পাওনা পরিশোধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।


শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানাটি বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে উপস্থিত নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।


এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় চাষাড়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


শ্রমিকদের অসন্তোষের পেছনে নতুন মজুরি কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রমিকনেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতনে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বাস্তবতার সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানান তিনি। তবে শ্রমিকদের দাবি আদায়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার পক্ষে নন বলেও জানান এই শ্রমিকনেতা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com