ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৮
ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে এবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলে পালটাপাল্টি ধাওয়ায়, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ। গুলিবর্ষণেরও অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।


সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।


লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও সংঘর্ষে যোগ দেন। তারা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


বক্তব্য জানতে বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com