সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন ৩ উপসচিব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:১২
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন ৩ উপসচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার।


জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।


ক্ষমতাপ্রাপ্ত তিন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।


ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-উপসচিব মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান এবং মোছা. ফুয়ারা খাতুন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়েছে।


উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।


অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকাকালে এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।


তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।


এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com