তিন শিল্পাঞ্চলে দিনভর শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ১৪৩ কারখানা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৫
তিন শিল্পাঞ্চলে দিনভর শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ১৪৩ কারখানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫,৭০০ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব গৃহীহ হওয়ার পরও আজ ঢাকার তিন শিল্পঞ্চলে বিক্ষোভ-সড়ক অবরোধ ও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ঢাকার তিন শিল্পাঞ্চলে আজও ১৪৩ কারখানা বন্ধ ছিল।


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল দুই পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ছাড়া মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।


গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ৩৫ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিকদের বিক্ষোভের জেরে আরও ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


অপরদিকে সাভার-আশুলিয়ায় আজ ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ বিভিন্ন ধারায় মোট ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে দুপুর ২টা পর্যন্ত মোট ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


অন্যদিকে, আজ সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, বহিরাগত শ্রমিকরা পাশের একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।


এ ছাড়া সকালে জামগড়া এলাকায় শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম।


একটি কারখানার শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। বাজারে জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা হয়নি। এ কারণেই শ্রমিকরা আজও কারখানায় কাজ না করে আন্দোলন করছেন।’


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বৃদ্ধি হয়নি। এ ছাড়া ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট প্রকাশ হলে মূল বেতন কত বাড়ল এবং বার্ষিক ইনক্রিমেন্ট কত শতাংশ হবে, তা জানা যাবে। এসব বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে। অন্তত ১০টি কারখানার শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই অসন্তোষ প্রকাশ করেছেন।


এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে ছুটি ঘোষণা হয়।


নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন বলেন, আজ বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি। ‘শ্রমিকদের পরে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়’ বলে তিনি।


এ ছাড়া নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।


এ বিষয়ে আনোয়ারুল হক বলেন, শ্রমিকরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।


বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com