
দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ মাসে (২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত) কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। যা গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। অর্থাৎ এক বছরে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি (প্রায় ৫৪ শতাংশ)।
বুধবার (২৫ নভেম্বর) এইচআরএসএসর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের এসব তথ্য জানায়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৩৪ জনই (প্রায় ৫৭ শতাংশ) শিশু ও কিশোরী। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর ৩৪ জনকে হত্যা করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।
তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে, যা প্রায় ১০৫ শতাংশ বেশি। যৌন নিপীড়নের শিকার শিশুদের সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে। পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ এবং আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে। এছাড়া যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে।
এইচআরএসএস মনে করে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দায়ী।
অপরাধ সংঘটনের পর বিচার নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার মূল কারণ দূর করতে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি।
এ পরিস্থিতি মোকাবিলায় এইচআরএসএস-এর সুপারিশ দিয়েছে। এরমধ্যে রয়েছে- ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]