
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও কথিত অন্যায্য বাণিজ্য চর্চা মোকাবিলার কথা বলে বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়।
নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার আট মাসব্যাপী তদন্ত শেষে এই শুল্ক আরোপের ঘোষণা এল।
তদন্তের আওতায় থাকা ১৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪টির ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলো, বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের তালিকায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে কোনো নতুন শুল্ক প্রস্তাব করা হয়নি।
• বাংলাদেশের জন্য হার ও শর্ত কী
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য বলছে, নতুন এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) ধরা হয়েছে।
তবে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। আর ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।
মোট ১৬টি অর্থনীতিকে নিয়ে তদন্ত করা হলেও নতুন শুল্ক প্রস্তাবের আওতায় রাখা হয়েছে ১৪টি দেশ ও অঞ্চলকে। এগুলো হলো বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
প্রাথমিক তদন্তে থাকা মেক্সিকো ও নরওয়েকে আপাতত প্রস্তাবিত শুল্কের তালিকায় রাখা হয়নি।
দেশ ও পণ্যভেদে শুল্কের হার ভিন্ন হবে। চীনের ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার আওতায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, চীন ও ভিয়েতনামের মতো কয়েকটি দেশের ক্ষেত্রে বেশি শুল্ক আরোপের যৌক্তিকতা থাকলেও বিদ্যমান বাণিজ্য চুক্তির কারণে শুল্কের পরিমাণ সীমিত থাকবে।
তবে বাংলাদেশের জন্য ঠিক কত শতাংশ অতিরিক্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে এবং কোন কোন পণ্যে এর প্রভাব পড়বে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
এর আগে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে পৃথক ৩০১ ধারার তদন্তের আওতায় বাংলাদেশের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন প্রস্তাবিত শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে না। ফলে দুই শুল্ক যোগ হয়ে একই পরিমাণে মোট শুল্ক বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় রপ্তানি বাজার। ফলে নতুন শুল্ক প্রস্তাবের চূড়ান্ত সিদ্ধান্ত দেশের রপ্তানি প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।
ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি হয়েছে ৯৫০ কোটি ডলারের। আগের বছরের তুলনায় এই আমদানি বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। একই সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ৭১০ কোটি ডলার।
গত মার্চে তদন্ত শুরুর সময় বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি, সরকারি রপ্তানি প্রণোদনা এবং সিমেন্ট শিল্পের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছিল ইউএসটিআর।
মার্কিন সংস্থাটির অভিযোগ, বাংলাদেশ বস্ত্র ও চামড়াজাত পণ্যসহ ৪৩টি খাতে রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা দিয়ে থাকে। এ ছাড়া দেশের সিমেন্ট শিল্পে উল্লেখযোগ্য পরিমাণ অব্যবহৃত উৎপাদন সক্ষমতা রয়েছে।
ওয়াশিংটনের দাবি, কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশের সরকারি সহায়তা ও শিল্পনীতির কারণে বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন শুল্ক নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বিবেচনায় নেওয়া হবে। বাস্তবায়নের আগে এ বিষয়ে জনমত গ্রহণ ও শুনানির আয়োজন করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকর হতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]