
চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার হাজারো মানুষকে উচ্ছেদ এবং সরকারি অর্থের অপচয় রোধে ৫৮৭ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘মাস্টারহাট-শিকলবাহা-ফকিরনীর হাট-মেরিন একাডেমি জাতীয় মহাসড়ক (এন-১২৭)’ প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে সরকারি খাসজমির ওপর দিয়ে পারকি বিচ ও গহিরা-রায়পুর বেড়িবাঁধ সংযুক্ত করে বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদনে এ দাবি জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন।
আবেদনের অনুলিপি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
আবেদনে দাবি করা হয়, বিগত সরকারের আমলে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর সহযোগীরা অনৈতিক আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে জনস্বার্থবিরোধী প্রকল্পটি অনুমোদন করিয়েছিলেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় ভোটারদের বসতভিটা থেকে উচ্ছেদ করাও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করা হয়।
লায়ন হেলাল উদ্দিনের দাবি, প্রস্তাবিত সড়কটি জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক হওয়ার যৌক্তিকতা নেই। মাত্র দুই-তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সড়কটি ব্যবহার করবেন। এর মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া পাশ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক এবং কর্ণফুলী টানেল সংযোগ সড়ক রয়েছে। স্থানীয়দের যাতায়াতের জন্য বিদ্যমান এলজিইডির ১৮ ফুট প্রশস্ত সড়কটির অবশিষ্ট অংশ সংস্কার করলেই যথেষ্ট হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, কেইপিজেডের ভূমি অধিগ্রহণ এবং কর্ণফুলী নদীর ভাঙনে ইতোমধ্যে এলাকার বহু মানুষ বসতভিটা হারিয়েছেন। পাহাড় ও নদীবেষ্টিত এ অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পর্যাপ্ত জায়গা নেই।
এ অবস্থায় প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বদলপুরাসহ বিস্তীর্ণ এলাকার দুই থেকে তিন হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
প্রকল্পের কারণে তিনটি মসজিদ, পাঁচটি মাজার, ১৬টি কবরস্থান, দুটি শ্মশান, ১১টি ছোট-বড় বাজার, দুটি স্কুলের মাঠ এবং ৪৫০টি বৈদ্যুতিক খুঁটিসহ অসংখ্য কাঁচা-পাকা স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জনদুর্ভোগ এড়ানো ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বর্তমান প্রকল্প বাতিল করে বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন লায়ন হেলাল উদ্দিন।
প্রস্তাব অনুযায়ী, কর্ণফুলী সেতুর শিকলবাহা গোলচত্বর থেকে কর্ণফুলী নদীর পাড় ধরে সরকারি খাসজমির ওপর দিয়ে বিদ্যমান ডাঙ্গারচরমুখী সড়কটি ১৫ নম্বর ঘাট হয়ে পারকি বিচসংলগ্ন গহিরা-রায়পুর বেড়িবাঁধের সঙ্গে যুক্ত করা যেতে পারে।
তাঁর দাবি, বিকল্প সড়কটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষকে উচ্ছেদ করতে হবে না। একই সঙ্গে কর্ণফুলী নদী অবৈধ দখলমুক্ত রাখা, পারকি বিচকেন্দ্রিক পর্যটনশিল্পের বিকাশ, নতুন শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
আবেদনের শেষাংশে জনস্বার্থবিরোধী ও অর্থ অপচয়কারী প্রকল্পটি দ্রুত স্থগিত ও বাতিল এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]