সারাদেশ
চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় মামলা না করায় সিএমপির সার্জেন্ট বরখাস্ত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:৫০
চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় মামলা না করায় সিএমপির সার্জেন্ট বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


গত ২৩ নভেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মুজাহিদুল ইসলাম ২০১৭ ব্যাচে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালে বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের আলামত পাওয়া যায়। ওই সময় পুলিশ বক্সটির দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।


ঘটনার পর পুলিশ বক্সে ভাঙচুরের বিষয়ে একটি নাশকতা মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশ পালন না করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।


সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


তবে এ ঘটনায় সার্জেন্ট মুজাহিদের বিরুদ্ধে কী ধরনের আদেশ অমান্যের অভিযোগ রয়েছে, তা পুলিশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে, সার্জেন্ট মুজাহিদের বরখাস্তের ঘটনাটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন, আবার কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এর আগে গত ১৪ নভেম্বর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে।


পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এমন প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনা চট্টগ্রাম পুলিশে দায়িত্ব পালন, দাপ্তরিক নির্দেশনা অনুসরণ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।


বিবার্তা/জাহেদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com