শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে চোর-পুলিশ খেলা, ফোনে আত্মসমর্পণের আহ্বান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৮
শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে চোর-পুলিশ খেলা, ফোনে আত্মসমর্পণের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

এ যেন এক চোর-পুলিশ খেলা। পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার দাবি করেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। তবে দাবি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।


বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে প্রায় ১০ মিনিটের ফোনালাপে এ দাবি করেন তিনি।


এ সময় তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে নিরাপত্তার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তা। তবে আত্মসমর্পণে সম্মতি দেননি রায়হান।


বুধবার বেলা সাড়ে তিনটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ।


অডিওতে পুলিশ কর্মকর্তাকে বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। তাঁর নিরাপত্তার ব্যবস্থা এবং বিদ্যমান মামলাগুলোর বাইরে নতুন মামলা না দেওয়ার আশ্বাসও দেন তিনি। তবে রায়হান আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি দেননি।


পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ পুলিশের।


পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। দীর্ঘদিন অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকায় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। এ কারণে বারবার পুলিশের অভিযান এড়াতে সক্ষম হচ্ছেন তিনি।


ফোনালাপে রায়হান দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। তবে পুলিশ তাঁকে খুঁজে পাবে না বলেও চ্যালেঞ্জ জানান তিনি। পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়ার কথাও বলেন রায়হান।


ফটিকছড়িতে সাম্প্রতিক গুলির ঘটনা নিয়েও কথা হয় দুজনের। রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারত করাতে যাচ্ছিলেন। পথে লোকজন তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করে। গুলিতে আহত ব্যক্তিদের বিষয়ে পুলিশ কর্মকর্তা জানতে চাইলে রায়হান বলেন, তাঁদের ক্ষতি হয়েছে।


রায়হানের সঙ্গে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশের অভিযানের সময় তাঁদের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার রায়হানের দাবি সঠিক নয়। তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ না করলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ।


এর আগে গত ২৯ জুলাই রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালী এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। সে সময় একটি বাসার ছাদ টপকে পালিয়ে যান তিনি। এরপর থেকে পলাতক অবস্থায় ফেসবুকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


বিবার্তা/জাহেদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com