নারায়ণগঞ্জে ইটভাটা মালিক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:০৩
নারায়ণগঞ্জে ইটভাটা মালিক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জের বন্দরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইটভাটা মালিক মোতালেব হোসেন (৫০) হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ইসমাইল (৪৯), একই এলাকার রমজানের ছেলে রাজু (২৭), মিনারবাড়ি এলাকার সেলিম মিয়ার ছেলে মো. সজিব (৩৫), হরিবাড়ি এলাকার বাহার উদ্দিনের ছেলে হোসাইন (৩০), শাসনের বাগ এলাকার আলী আহমদের ছেলে হাফেজ ওরফে হাবিব (৩১) এবং মিনারবাড়ি এলাকার রফিকের ছেলে তানজিল (৩০)।


আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনের বাগ এলাকায় মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় দিয়েছেন।


তবে রায়ে সন্তুষ্ট নন নিহতের স্ত্রী ও মামলার বাদী মাকছুদা। আদালতের বারান্দায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট নই। হাইকোর্টে আপিল করব। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আমি আসামিদের ফাঁসি চাই।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com