
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ নভেম্বর সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক।
আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় ১৪ বছর বয়সী আব্দুল মোতালেব। এ সময় বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকনকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]