গাজায় ফের ইসরায়েলি হামলা, হামাসের উপমন্ত্রীসহ নিহত ৯
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৪
গাজায় ফের ইসরায়েলি হামলা, হামাসের উপমন্ত্রীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ফিলিস্তিনে এক বছর ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও টানা তৃতীয় রাতের মতো গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের নিয়োগ দেওয়া উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী রয়েছেন।


চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গত এক মাসে ইসরায়েল হামাসের প্রায় ৮০ জন যোদ্ধাকে হত্যা করেছে।


নেতানিয়াহু বলেন, ‘কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের হাত থেকে রেহাই পাবে না।’ মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হামাসের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার একজন আবু নাদা। এর আগে গোষ্ঠীটির দুজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকেও হত্যা করা হয়।


ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আবু নাদা হামাসের অর্থনৈতিক কার্যক্রম, ব্যাংকিং ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে ছিলেন। এসব তহবিল গোষ্ঠীটির সামরিক কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হতো। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।


হামাস আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য ছিলেন। তবে তার বিরুদ্ধে ইসরায়েলের আনা অন্যান্য অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।


হামাসের দাবি, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলের একটি ‘জঘন্য অপরাধ’।
হামাসের দাবি, ইসরায়েলের এসব ধারাবাহিক হামলা গাজা যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকেও দায়ী করেছে গোষ্ঠীটি। তাদের অভিযোগ, এই উদ্যোগ হামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। বরং এর ফলে ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর আরো হামলা চালানোর সুযোগ পাচ্ছে।


চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত রাতে গাজা সিটির তুফাহ এলাকা ও বিচ শরণার্থী শিবিরে পৃথক দুটি বিমান হামলায় আরো ছয়জন নিহত হয়েছেন। এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার পরে বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তারা অবগত নয়।


ইসরায়েল দাবি করছে, তাদের হামলার লক্ষ্য হামাসের সদস্য ও স্থাপনা। তবে এসব অভিযানে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছেন। ট্রাম্পের সমর্থনে নেওয়া বৃহত্তর যুদ্ধবিরতি পরিকল্পনাও সহিংসতা বন্ধ করতে কিংবা হামাসকে নিরস্ত্র করতে পারেনি।


ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির সময় তাদের নিয়ন্ত্রণে ছিল অর্ধেকের কিছু বেশি এলাকা। হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজার উপকূলীয় অঞ্চলের খুব সামান্য অংশ।


২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ সংঘাতের ফলে সেখানে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ ও জাতিসংঘের তদন্তে গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।


তবে ইসরায়েল গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করার পর আত্মরক্ষার অধিকার থেকেই তারা গাজায় সামরিক অভিযান শুরু করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com