
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ছাড়াও বিভিন্ন খাতের ব্যয় দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে একাধিক সন্তানের শিক্ষার ব্যয় বহন করা পরিবারগুলোর জন্য এ অর্থ জোগাড় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত ১৫৯ জন এবং অনিয়মিত ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে। অভিযোগ অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।
কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীর দাবি, সরকার ও শিক্ষা বোর্ড নির্ধারিত বিজ্ঞান শাখায় ২ হাজার ৪৩৫ এবং মানবিক ও হিসাব শাখার ২ হাজার ৩১৫ টাকা ফির তুলনায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা ও ২ হাজার ৭০০ টাকা নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের পড়াশোনার খরচ বহন করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা দিতে হলে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
এদিকে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক গত বছরের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি,গত বছর প্রতিষ্ঠানটির ফলাফল জেলার মধ্যে তুলনামূলক খারাপ ছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ না নিয়ে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ আহসান হাবীব বলেন, গভর্নিং বডি ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ টাকা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
তবে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ভিডিও ফুটেজের প্রসঙ্গ তুলে বক্তব্য দিতে তিনি অস্বীকৃতি জানান।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]