শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৫৫
শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছেন এবং তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরাতে হবে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ পৃথক বিষয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণের বিষয়টি আলাদা। শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির বিধান প্রযোজ্য এবং সেই অনুযায়ী তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে জানান তিনি।


ভারতের কাছে শেখ হাসিনাসহ অন্যদের ফেরত চেয়ে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এখন জবাবের অপেক্ষায় রয়েছে।


শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ডিসেম্বরে আসবেন না। তাঁকে দেশে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে তাঁকে বাংলাদেশে আনা হবে। এর বাইরে তাঁর ফেরার কোনো পথ নেই।


শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একজনকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে পরে তাঁর আচরণ অসহনীয় হয়ে উঠলে যেমন অস্বস্তিতে পড়তে হয়, তেমনি একজন সন্ত্রাসীকে নিজ ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ভারতও বুঝতে পারছে। শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কেও অস্বস্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


শেখ হাসিনার সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, দুই হাজার মানুষ হত্যার পরও তাঁর কোনো অনুশোচনা নেই। তাঁর রাজনীতি শেষ হয়ে গেছে এবং তিনি একজন সন্ত্রাসী। শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।


পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখল করে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সব দেশেই রাজনীতিতে কিছু পাগল থাকে। বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে হবে।


বিবার্তা/এএম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com