ইরানে জয় এখন আমাদের হাতের নাগালে: ট্রাম্প
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭
ইরানে জয় এখন আমাদের হাতের নাগালে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের চূড়ান্ত পরিণতি কী হবে, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে নতুন করে প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।


বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের পরিণতি কী হবে, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


ট্রাম্প বলেন, ‘ইরানে জয় এখন আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এই জয় আসবে, তা অনেকটাই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা সদয় আচরণ করার চেষ্টা করছি। চুক্তিতে পৌঁছাতে এবং অনেক মানুষের প্রাণ বাঁচাতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। কিন্তু তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’


তিনি আরও বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করেন, তারা কেন এমন করছে? তারা কি পাগল? হয়তো তারা পাগল।’


ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।


তিনি বলেন, ‘ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার মাধ্যমে আপনারা শুধু আজকের যুক্তরাষ্ট্রকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের মার্কিন নাগরিকদেরও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চিত করতে পারি।’


এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে চালানো হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে আমরা ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছি।’


মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্র নির্ভরশীল নয় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, দেশটির নিজস্ব জ্বালানি সম্পদই প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্মিলিত তেলের মজুত বিশ্বের মোট মজুতের অর্ধেকেরও বেশি বলে দাবি করেন তিনি।


ট্রাম্প বলেন, ‘আমরা ওই তেল ব্যবহার করি না। আমাদের ওই তেলের প্রয়োজন নেই। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দিতে আমরা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছি।’


তিনি আরও বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের তেলের মজুত বেশি। ভেনেজুয়েলাও এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এর ফলে যুক্তরাষ্ট্রের হাতে অতিরিক্ত কয়েকশ কোটি ব্যারেল তেল এসেছে।


তবে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।


ট্রাম্প বলেন, ‘তবে আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। কারণ, শান্তি না থাকলে সেখানে ব্যাপক অস্থিরতা তৈরি হবে।’

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com