
ট্রেনে চুরি-ছিনতাইয়ে সক্রিয় নারীচক্রের ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পাঁচ নারী ছিনতাইকারী আটক হয়েছে। যাদের সবার বাড়ি হবিগঞ্জে। আটককৃতদের কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগে আগেরও মামলা রয়েছে। সর্বশেষ গত রবিবার সকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ‘ঙ’ বগিতে চেইন চুরির সময় নাছিমা খাতুন (৩৪) নামের এক নারী আটক হন। নাছিমা হবিগঞ্জ জেলার সদর উপজেলার উচালাই গ্রামের বাসিন্দা।
ওই গ্রামেরই মাসুদা খাতুন (৩৪), জোসনা আক্তার (৩৬), রেজিয়া বেগম (২৮) ও সাহানা (২৯) গত ৮ ফেব্রুয়ারি ছিনতাইয়ের সময় আখাউড়া রেলওয়ে স্টেশনে আটক হন।
সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে হাজারো নারী আছেন, যাঁরা চুরি ও ছিনতাইয়ের কাজে জড়িত। নিজেদের অভিজ্ঞতা অনুযায়ি টাকার বিনিময়ে যুক্ত হন ওই চক্রে। চক্র তাদেরকে চুরি, ছিনতাইয়ের কাজে লাগায়। এমনকি পকেট মারার কাজেও তাঁরা অভ্যস্ত।
সম্প্রতি ধরমণ্ডল গ্রামের আদলে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার অনেক নারীও এ পেশায় জড়িয়ে পড়েছেন। মূলত ধরমণ্ডল গ্রামের নারীরাই নানা প্রলোভন দেখিয়ে তাদের এ পেশা নিয়ে এসেছেন। ওই চক্রটির একটি বড় অংশ এখন বিভিন্ন রেলওয়ে স্টেশনে চুরি-ছিনতাই কাজের সঙ্গে জড়িত। বিশেষ পোশাক পরে তারা স্টেশন এলাকায় ঘুরাফেরা করে নারী যাত্রীদের ভ্যানিটি ব্যাগ, হাতব্যাগ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, টাকা ইত্যাদি চুরি করে।
একাধিক সূত্র জানায়, এসব নারীরা সঙ্গে ছোট শিশুদেরও রাখেন। কখনো নিজেদের সন্তান আবার কখনো ‘ভাড়া করা’ শিশু এনে সঙ্গে রাখেন। এতে তাদের সাধারণ যাত্রীর মতোই মনে হয়।
আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ইদানীং কয়েকজন নারী ধরা পড়ায় বিষয়টি সামনে চলে এসেছে। ইদানীং যারা ধরা পড়েছে তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলায়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]