
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণ।
তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত টাকা বেতন-ভাতা পান এ নিয়েই বরাবরই আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। এছাড়া বেতনের বাইরে তারা আর কী কী সুবিধা লাভ করেন, তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে সংসদ নির্বাচনের সময়ে এইসব প্রশ্নে আরও আগ্রহী হয়ে ওঠের দেশের মানুষ।
মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারিত হয় ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ অনুযায়ী। ১৯৭৩ সালের ৪ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী-এর আদেশে এ অধ্যাদেশ জারি হয়। সবশেষ ২০১৬ সালের ১২ মে এতে সংশোধনী আনা হয়। এরপর থেকেই এ আইনের আলোকে সংশ্লিষ্টদের বেতন ও সুবিধা নির্ধারিত হয়ে আসছে।
কার বেতন কত?
দেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি; মাসিক ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এ দুই জনের ব্যক্তিগত ও সরকারি সব ব্যয় রাষ্ট্র বহন করে।
প্রধানমন্ত্রী বেতনের পাশাপাশি বাড়িভাড়া হিসেবে ১ লাখ টাকা পান (সরকারি বাসভবনে থাকলে এ ভাতা প্রযোজ্য নয়)। এছাড়া দৈনিক ভাতা ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল পান।
জাতীয় সংসদের স্পিকারের বেতন ১ লাখ ১২ হাজার টাকা। এরপর রয়েছেন প্রধান বিচারপতি; মাসিক ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা পান ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা; একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতা। উপমন্ত্রীরা পান ৮৬ হাজার ৫০০ টাকা। আর সংসদ সদস্যদের (এমপি) বেতন ৫৫ হাজার টাকা।
ভাতা ও অতিরিক্ত সুবিধা
বেতনের বাইরে মন্ত্রী-এমপিরা বিভিন্ন খাতে ভাতা পান। এর মধ্যে আছে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল। সংসদ সদস্যরা বিমা সুবিধার আওতায় থাকেন।
গাড়ি ও যাতায়াত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি পান। সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পান। এছাড়া জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক ১৮ লিটার জ্বালানির সমপরিমাণ অর্থ পান। পরিবহন ভাতা হিসেবে মাসে ৭০ হাজার টাকা এবং নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য মাসে ১২ হাজার ৫০০ টাকা পান।
বাসস্থান ও প্লট
সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে প্লট পেয়ে থাকেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি বাসভবন পান; সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল সরকার বহন করে। সরকারি বাসায় না থাকলে মন্ত্রীরা মাসে ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা ৭০ হাজার টাকা বাড়িভাড়া পান।
বাসা সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণ
সরকারি বাসা সাজাতে মন্ত্রীরা বছরে ৫ লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ৪ লাখ টাকা পান। নিজস্ব বা ভাড়া বাসায় থাকলে বছরে তিন মাসের বাড়িভাড়ার সমপরিমাণ অর্থ রক্ষণাবেক্ষণ বাবদ দেয়া হয়।
নির্দিষ্ট ভাতা
মন্ত্রী ও এমপিরা মাসে ৫ হাজার টাকা সম্মানী ভাতা পান। এছাড়া টেলিফোন ভাতা ৭ হাজার ৮০০ টাকা, লন্ড্রি ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য ৬ হাজার টাকা পান।
নির্বাচনী এলাকার অফিস পরিচালনায় এমপিরা মাসে ১৫ হাজার টাকা পান। এছাড়া আপ্যায়ন ভাতা হিসেবে একজন মন্ত্রী পান ১০ হাজার টাকা, প্রতিমন্ত্রী ৭ হাজার ৫০০ টাকা এবং উপমন্ত্রী ও এমপিরা ৫ হাজার টাকা করে।
দাতব্য তহবিল
নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য দাতব্য কাজে মন্ত্রীরা বছরে ১০ লাখ টাকা পান। প্রতিমন্ত্রীরা সাড়ে ৭ লাখ, উপমন্ত্রীরা ৫ লাখ এবং সংসদ সদস্যরা বছরে ৫ লাখ টাকা পান। এছাড়া রয়েছে বার্ষিক ৫ লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল।
অন্যান্য সুবিধা
বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক প্রকল্প-যেমন স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা, নানা ধরনের সামাজিক নিরাপত্তা-বেষ্টনীসহ প্রায় ৪০ ধরনের প্রকল্প আছে। এসব প্রকল্প থেকে কারা সুবিধা পাবেন, তা সংসদ সদস্যের সম্মতির ভিত্তিতে হয়ে থাকে।
আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব এবং নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব পান। এছাড়া থাকেন দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক।
প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পান একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে সরকারি মোবাইল ফোন সুবিধা পেয়ে থাকেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]