
কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ববিরোধের জেরে কৈলাগ ইউনিয়ন ও পৌরসভার দরিঘাগটিয়া এলাকার দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় বিভিন্ন দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে জিদান ও দরিঘাগটিয়া এলাকার কালামের মধ্যে কথা-কাটাকাটির সূত্রপাত হয়। একটি মোবাইল ফোনের দোকানের ভেতর থেকে কালাম জিদানকে উদ্দেশ করে ‘তুই বাজারে কী করস’ বলে প্রশ্ন করলে পূর্ববিরোধের জেরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুরাদের দোকানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর জিদান কৈলাগ ইউনিয়ন থেকে লোকজন নিয়ে বাজিতপুর বাজারে এসে কালামকে না পেয়ে ওই মোবাইল ফোনের দোকানদারের ওপর টেঁটা দিয়ে আঘাত করেন এবং দোকানে ভাঙচুর চালান। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দরিঘাগটিয়া এলাকার লোকজন বাজিতপুর বাজারে জড়ো হন। এরপর উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুরো বাজিতপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে পৌরসভার বিভিন্ন এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।
একপর্যায়ে পৌরসভার বিভিন্ন এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান। সংঘর্ষ চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]