রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:৫২
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর কয়েকটি এলাকায় একাধিক ককটেল (হাতবোমা) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মধ্যে কুর্মিটোলা এলাকায় একটি মোটরসাইকেল মিছিল থেকে টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে পুলিশ (কনস্টেবল) সদস্য মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।


এদিকে বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা এলাকায় ফুটপাত সংলগ্ন ‘জুলাই স্মৃতি’ স্তম্ভের পাশে পরপর দুটি ককটেল ছুড়ে মারা হয়।


এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। এসময় সড়কে যাত্রীবাহী বাসসহ ছিল মোটরসাইকেল, প্রাইভেট কারসহ আরো অনেক গাড়ি। ফুটপাতে মানুষের উপস্থিতি ছিল।


কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ


বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।’ এতে টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হন। ঘটনার সময় তিনি আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালন করছিলেন।


তিনি বলেন, পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় অংশ নেওয়া অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।


পুলিশ দাবি করছে, সকালে বনানীর দিক থেকে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি মিছিল কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। মিছিলটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছানোর এক পর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে। পরে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।


বিস্ফোরণে কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে জানিয়ে পুলিশ জানায়, আহত পুলিশ সদস্যকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।


সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ


রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হোটেলের এক নম্বর ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।


রাতেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, হাতিরঝিল থানার আওতাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ আহত হননি।


খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com