
রাজধানীর বিমানবন্দর এলাকায় জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। নিহতরা হলেন- পোস্তগোলার ভাঙারি দোকনের কর্মচারী আরিফুর রহমান (৪০) ও ফালু (৫৫)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফালু এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আরিফুর।
আরিফুরকে হাসপাতালে নিয়ে আসা চা দোকানদার আবুল হাসান জানান, সকালে বিমানবন্দর এলাকার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি প্রাইভেটকারের। এরপর মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক মুমূর্ষু আরিফুর নামে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
পোস্তগোলার আরেক ভাঙাড়ি ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, মিতু এন্টারপ্রাইজ নামে তার দোকানেই কাজ করতেন আরিফুর। এবং ফালু পাশের ভাঙ্গারি দোকানের কর্মচারী। সকালে আরিফুর ও পাশের দোকানদারের কর্মচারী ফালু দুজন মিলে গাজীপুরের টঙ্গী যাচ্ছিলেন পুরাতন মালামাল দেখে কেনার উদ্দেশ্যে। এরপর ফোনে তাদের দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।
মৃত আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। থাকতেন ডেমরা কোনাপাড়া এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।
এদিকে, বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে মারা যান। কাভার্ড ভ্যানের চালকও কিছুটা আহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]