
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধা জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলন্ত রিকশা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি চলন্ত রিকশায় দুজনকে বসে থাকতে এবং একজনকে রিকশা চালাতে দেখা যায়।
ভিডিওতে রিকশায় থাকা ব্যক্তিদের কথোপকথনে একজনকে বলতে শোনা যায়, ‘আরেকটু সামনে যাক, সামনে একটা গেট আছে, একটা গ্যাপ আছে।’ এর জবাবে অপর একজন বলেন, ‘মারুম, এখন মারুম। ’ এরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ভিডিওর দৃশ্য ও কথোপকথন থেকে রিকশার তিন আরোহীর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, জুলাই যোদ্ধা জাদুঘরের সামনে চলন্ত রিকশা থেকে একটি ককটেল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ১৪ অক্টোবর একই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়। ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]