
চুয়াডাঙ্গার জীবননগরে তিন দফা দাবিতে স্থানীয় বাসিন্দাদের টানা প্রায় তিন ঘণ্টা রেলপথ অবরোধের পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু করার দাবিতে সকাল ১০টার পর থেকে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে বেলা ১টা ২৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বিষয়টি নিশ্চিত করে জানান, দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনকারীরা রেলপথ অবরোধ তুলে নিয়েছেন। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধি দল দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আন্দোলনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা সেটির গতিপথ আটকে দেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এ অবরোধের ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। দুর্ভোগে পড়েন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]