
রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার আবেদন করে জামিন নেয়ার চেষ্টার ঘটনায় তিন আইনজীবীকে আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় তিন আইনজীবীকে ১৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তিন আইনজীবী হলো- আন্না খানম, এস এম আব্দুল বাতেন, মো. রহিমউদ্দিন। এছাড়া মামলার পাঁচ আসামি এবং তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ জানান, একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি আলাদা জামিন আবেদন করা হয়েছিল। তথ্য গোপন করে একজনের জামিনও হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আসলে স্বপ্রণোদিত হয়ে এই ব্যবস্থা নেন আদালত।
তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত তিন আইনজীবী আগামী ১৫ দিন কোনো মামলা পরিচালনা করতে পারবেন না। পাশাপাশি মামলার পাঁচ আসামি ও তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসামিদের পক্ষে অন্য কোনো আবেদন করা যাবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]