
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে।
আগের দিন বুধবার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।এসিইউর সদস্য দেশগুলোর সঙ্গে আমদানি দায় মেটাতে বাংলাদেশ ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এর ফলে একদিনে রিজার্ভ কমেছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভও কমেছে।
এসিইউর বিল পরিশোধের পর এ পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। আগের দিন এ পরিমাণ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
আকু একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি সংস্থা। ইরানের রাজধানী তেহরানভিত্তিক এ সংস্থার মাধ্যমে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ করে।
বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ সংস্থার সদস্য। এসিইউ ব্যবস্থায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর সদস্য দেশগুলোর সঙ্গে আমদানি বিল নিষ্পত্তি করে। ফলে বিল পরিশোধের পর রিজার্ভে সাময়িক বড় ধরনের পতন দেখা যায়।
এদিকে আমদানি বিল পরিশোধের পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
গত ৪ নভেম্বর জ্বালানিসহ বিভিন্ন পণ্যের আমদানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ডলারের বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে ১০ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগে টানা তিন বছর বৈদেশিক মুদ্রার বাজারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এতে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের বেশি থাকা রিজার্ভ কমে ২০২৪ সালে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।
২০২৪ সালের আগস্টে গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার অবস্থান জানান। বর্তমান গভর্নরও একই নীতি বজায় রেখেছিলেন। এর ফলে রিজার্ভ বাড়তে শুরু করে। গত ২৯ জুন রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়ায়। ১ সেপ্টেম্বর তা বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]