
রাজধানীর মিরপুরে নাশকতার আশঙ্কার মধ্যে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও দুই লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। পরে জননিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার করা ককটেলগুলো নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন আনছার ক্যাম্প, পাইকপাড়া, মিরপুর-১-এর তানিম ভবনের সামনে রাস্তার ওপর ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে থাকার খবর পান এসআই (নিরস্ত্র) মো. ইমরান হোসেন।
ওই সময় তিনি রোমিও-৭১ রাত্রীকালীন ডিউটিতে ছিলেন।
খবর পেয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানে নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা পায়।
পরে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) জানানো হয়।
ডিসি আরও জানান, বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি বাজারের ব্যাগে থাকা দুটি বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়।
এর পরে জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের হাক্কানী গলি সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবনের কম্পাউন্ডের খোলা জায়গায় গর্ত খুঁড়ে উদ্ধার করা ২০টি ককটেল নিষ্ক্রিয় করা হয়। বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে এগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]