ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২১:১৪
ডেঙ্গুতে মারা গেলেন সাংবাদিক নাদিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকার সাভারে সাংবাদিক নাদিম হোসেন (৪০) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


নাদিম হোসেনের সহকর্মীরা জানান, গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাংবাদিক নাদিম হোসেন সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকাল ৪টা ৩৬ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তারা জানান, নাদিম হোসেন সাভারের শাহীবাগ এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনে সাভার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, নাদিম হোসেন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন। তিনি গুণী সাংগঠনিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার মৃত্যু সাভারের সাংবাদিকতার জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


সন্ধ্যায় নাদিম হোসেনের সহকর্মী সাংবাদিক নোমান মাহমুদ বলেন, বাদ এশা সাভার প্রেসক্লাবের সামনে নাদিম হোসেনের প্রথম জানাজা হয়। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।


এদিকে, সাংবাদিক নাদিম হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সাভার প্রেসক্লাব, আশুলিয়া প্রেসক্লাব, ধামরাই রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সংগঠনগুলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com