সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২১:১৭
সুন্দরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, আসামি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির সভাপতি একাব্বর আলী হত্যা মামলার নিরাশা আকন্দক নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার প্রায় পাঁচ মাস পর লালমনিরহাটের হাতীবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।


এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিরাশা আকন্দকে গ্রেফতার করে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ও রংপুরের যৌথ অভিযানিক দল।


র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ থানার একাব্বর আলী হত্যা মামলার আসামি। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। জয়নাল আবেদীন তার মামা শ্বশুর।


মামলার এজাহার সূত্রে জানা যায়, একাব্বর আলী চরিতাবাড়ি আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।


গত ৫ জুন বেলা ১১টার দিকে নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় তাকে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশবাগানে ফেলে রেখে যায় হামলাকারীরা।


পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।


র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে নিরাশা আকন্দকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com