নবনির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথগ্রহণ আজ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০
নবনির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথগ্রহণ আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ (১৭ ফেব্রুয়ারি)।


এদিন সকাল ১০ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশন (ইসি) এ এম এম নাসির উদ্দিন এবং একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে সংসদ এলাকায় রয়েছে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। এছাড়া রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি।


সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


এ বিষয়ে সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়েশপথ পাঠ ওকক্ষে পরিচালনা করবেন।’


ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।


সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি সূত্র জানায়।


অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।


ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


ইসি সচিব জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দু’টি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।


এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সোমবার জানান, ‘নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com